প্রতিমন্ত্রী মুরাদের মানহানিকর অডিও-ভিডিও সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

৭ ডিসেম্বর, ২০২১ ১২:৫৫  
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মানহানিকর সব ভিডিও ও অডিও অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করলে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে আদালতের আদেশ বিটিআরসিকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে তা আদালতকে জানাতেও বলা হয়েছে। সৈয়দ সায়েদুল হক সুমন আদালতকে বলেছেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এ ধরনের গালাগালি ও অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই দ্রুত এসব অশ্লীল অডিও-ভিডিও সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।